পরিযায়ী শ্রমিকদের জন্য সুখবর, ২২ জেলায় নিশ্চিত কাজের বিশেষ অভিযান!
August 26, 2026
বার্তা ডেস্কঃ
রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামীণ কর্মসংস্থানের আওতায় আনতে এবং স্বনির্ভর করতে বড়সড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। পরিযায়ী পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের জন্য ২২টি জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কাজের নিশ্চয়তা দিতে নির্দেশ জারি করা হয়েছে। জেলাশাসকদের কাছে পাঠানো এই নির্দেশিকায় মূল উদ্দেশ্য হলো—গ্রামীণ জীবিকা মজবুত করা এবং কাজের খোঁজে রাজ্য ছাড়ার প্রবণতা কমানো।
অভিযানের মূল নির্দেশাবলী:
- রোজগার গ্যারান্টি কার্ড: শ্রম দপ্তরের তথ্য ব্যবহার করে চিহ্নিত প্রতিটি পরিযায়ী শ্রমিক পরিবারকে ‘রোজগার গ্যারান্টি কার্ড’ দেওয়া সুনিশ্চিত করা হবে।
- কার্ড যাচাই: যাদের কাছে ইতোমধ্যে কার্ড রয়েছে, তাদের নথি যাচাই করতে হবে এবং বাকি পরিবারগুলোর ১০০% কভারেজ নিশ্চিত করতে হবে।
- কাজের সুযোগ: কার্ড দেওয়ার পাশাপাশি পরিবারের যোগ্য সদস্যরা যাতে আবেদন জানিয়ে নির্ধারিত মজুরি-ভিত্তিক কাজ পান, তার জন্য জেলা প্রশাসনকে সক্রিয় হতে বলা হয়েছে।
সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী জেলাভিত্তিক পরিসংখ্যান: রাজ্যে মোট চিহ্নিত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২,২৪,০৬০ জন।
- সর্বাধিক শ্রমিক: মুর্শিদাবাদ (৩,৮৬,১৯১ জন), মালদহ (২,৮৬,৩২৯ জন) ও কোচবিহার (১,৪৪,৯১৬ জন)।
- সবচেয়ে কম শ্রমিক: কালিম্পং (৩,৪৩৫ জন)।