গভীর রাতে ঘরে হামলা, প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ল বিজেপি পরিবার!

বার্তা ডেস্কঃ

হুগলির তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজ রোড স্কুলপাড়া এলাকায় গভীর রাতে এক ভয়াবহ হামলার ঘটনা সামনে এসেছে। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি গণেশ চক্রবর্তী ও তাঁর স্ত্রী, চার নম্বর মণ্ডলের সম্পাদক মিতা চক্রবর্তীর বাড়িতে আলো নিভিয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। হামলায় বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর পাশাপাশি তাঁদের নাবালক ছেলেও গুরুতর আহত হয় এবং তাঁর মাথা ফেটে যায়। খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আক্রান্ত বিজেপি নেতা স্পষ্ট দাবি করেছেন, হামলাকারীদের অনেকেই তাঁর পরিচিত এবং তারা বিজেপিরই নব্য গোষ্ঠীর সদস্য। স্থানীয় আদি বিজেপি নেতা হিসেবে পরিচিত গণেশ চক্রবর্তী সম্প্রতি তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। অনুগামীদের ধারণা, সেই শত্রুতার জেরেই দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই হামলা চালানো হয়েছে। ঘটনায় তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়ের তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *