ফোন হারিয়েছে? অঘটন এড়াতে এখনই লক করুন আধার ও UPI!
বার্তা ডেস্কঃ
মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু জরুরি পদক্ষেপ নেওয়া অত্যন্ত প্রয়োজন। ফোন হারালে সর্বপ্রথমে টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিম কার্ডটি ব্লক করতে হবে, যাতে ওটিপি বা ব্যাঙ্ক সতর্কবার্তা অন্যের হাতে না পৌঁছায়। অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা যথাক্রমে ‘Find My Device’ বা ‘Find My iPhone’ সুবিধা ব্যবহার করে ফোন লক করতে পারেন এবং প্রয়োজনে দূর থেকেই সমস্ত স্পর্শকাতর তথ্য মুছে ফেলা সম্ভব।
পরবর্তী পদক্ষেপে ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সমস্ত ইউপিআই পরিষেবা ও ডিজিটাল পেমেন্ট অ্যাপের অ্যাক্সেস সাময়িকভাবে বন্ধ করতে হবে। ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি UIDAI পোর্টাল থেকে আধার বায়োমেট্রিক সুবিধাটি লক করা জরুরি। পরিশেষে IMEI নম্বরসহ নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করা উচিত। নতুন সিম হাতে পাওয়ার পরেই কেবল আগের সমস্ত পেমেন্ট অ্যাপ ও ব্যাঙ্কিং পরিষেবার পাসওয়ার্ড নতুন করে রূপান্তর করা নিরাপদ।