সরকারি হাসপাতালে এক দিনে তিন সন্তানের জন্ম! অবিশ্বাস্য এই সাফল্যে তোলপাড়
বার্তা ডেস্কঃ
গর্ভে তিনটি করে সন্তান নিয়ে একই দিনে দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে চিকিৎসা ক্ষেত্রে অনন্য নজির গড়ল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। মহকুমা স্তরের এই সরকারি হাসপাতালে এমন জটিল চিকিৎসায় মিলল অভূতপূর্ব সাফল্য। চিকিৎসকদের মতে, একসঙ্গে তিনটি সন্তান গর্ভে থাকলে সময়ের আগে প্রসব বা গর্ভপাতের মারাত্মক ঝুঁকি থাকে। সেই ঝুঁকি এড়াতেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পবিত্র ব্যাপারীর নেতৃত্বাধীন বিশেষ চিকিৎসক দল স্পাইনাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে দুই প্রসূতির জরায়ুমুখে ‘ম্যাকডোনাল্ড এনসারক্লেজ’ পদ্ধতিতে অত্যন্ত নিখুঁতভাবে বিশেষ সেলাই সম্পন্ন করেন। বর্তমানে অস্ত্রোপচারের পর উভয় প্রসূতিই চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে সুস্থ রয়েছেন।
বেসরকারি হাসপাতালে এই ধরনের জটিল চিকিৎসায় লক্ষাধিক টাকা খরচ হলেও, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রোগীর পরিবার। চিকিৎসকদের মূল লক্ষ্য, অন্তত চৌত্রিশ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণের সময়সীমা বজায় রাখা, যাতে গর্ভস্থ তিন সন্তান সুস্থ ও পূর্ণাঙ্গ অবস্থায় পৃথিবীতে আসতে পারে। সীমিত আর্থিক সামর্থ্যের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই সরকারি হাসপাতালের এই যুগান্তকারী সাফল্য স্বাস্থ্য পরিষেবার ওপর সাধারণ মানুষের আস্থাকে আরও সুদৃঢ় করল।