নেপালে হড়পা বানে নিখোঁজ কলকাতার ৩২ পর্যটক!

বার্তা ডেস্কঃ

নেপালে ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন কলকাতার ৩২ জন পর্যটকসহ পশ্চিমবঙ্গের অন্তত ৭১ জন বাসিন্দা।

গত ২১ আগস্ট কলকাতা থেকে মানসরোবরের উদ্দেশে রওনা দেন ৩০ জন পর্যটকের একটি দল, যাঁদের সাথে ছিলেন ভ্রমণ সংস্থার দুই ম্যানেজার জয়ন্ত সান্যাল ও নৃপেন সরকার। ২২ আগস্ট নেপাল পৌঁছানোর পর, গত বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্তের রাসুয়াগাধির ইমিগ্রেশন অফিসে পৌঁছান তাঁরা। সকাল সাড়ে আটটা নাগাদ সেখান থেকেই শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়; কয়েকজন পর্যটক সেই সময় ফেসবুক লাইভও করেছিলেন।

এর কিছুক্ষণ পরই ওই ইমিগ্রেশন অফিসে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী হড়পা বান। প্রবল জলের তোড়ে ভেসে যায় সমস্ত কিছু। এরপর থেকেই ওই দলের কারও সঙ্গে আর কোনো যোগাযোগ করা যায়নি। আন্তর্জাতিক উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে রওনা হলেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অকুস্থলে নামতে সক্ষম হয়নি।

ভ্রমণ সংস্থা সূত্রে জানানো হয়েছে, নেপাল ট্যুরিজম ও ভারতীয় দূতাবাসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে হুগলির চন্দননগর ও উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দারাও রয়েছেন বলে জানা গেছে। প্রশাসনিক সূত্রে খবর, নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ে মোট ১০৫ জন ভারতীয় নিখোঁজ, যার মধ্যে ৭১ জনই পশ্চিমবঙ্গের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *