ভারতে মোস্ট ওয়ান্টেড আল কায়েদা নেতা এখন বাংলাদেশে! শেখ হাসিনা-পুত্রের দাবিতে তোলপাড়।
বার্তা ডেস্কঃ
সরকারি নথিতে তিনি উধাও, অথচ বাংলাদেশের রাজপথে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ আল কায়েদা নেতা মৌলানা ইক্রামুল হক ওরফে আবু তালহা—বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের এই বিস্ফোরক দাবিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় গভীর উদ্বেগে ভারতীয় গোয়েন্দা সংস্থাও।
আল কায়েদার উপমহাদেশীয় শাখা AQIS-এর অন্যতম শীর্ষনেতা এই আবু তালহা ২০২৩ সালের মে মাসে ঢাকায় গ্রেফতার হন। কিন্তু ২০২৪ সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পর, অক্টোবর মাসে তিনি জামিনে মুক্তি পান। এরপর গত ২২ মাস ধরে সরকারি খাতায় তাঁর কোনও খোঁজ নেই। সজীব ওয়াজেদের অভিযোগ, জামিনের পর থেকে বাংলাদেশে অবাধে বিচরণ করছেন এই আল কায়েদা নেতা। তাঁর দাবি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশকে ব্যবহার করেই আল কায়েদা নিজেদের শক্তি বাড়াচ্ছে এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যরা প্রকাশ্যে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
কেন চিন্তায় ভারতীয় গোয়েন্দারা? ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-র মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে ৩৩ বছর বয়সি এই জঙ্গির নাম। ২০১৮ সালে উত্তরপ্রদেশে পড়তে এসে আল কায়েদার আদর্শে অনুপ্রাণিত হন ময়মনসিংহের বাসিন্দা ইক্রামুল। ভুয়ো নথি ব্যবহার করে ভারতে ঘাঁটি গেরেছিলেন তিনি। তদন্তে জানা যায়, পশ্চিমবঙ্গে প্রায় দু’বছর থেকে মধ্যপ্রদেশ ও গুজরাটে আল কায়েদার একাধিক স্লিপার সেল ও জঙ্গি মডিউল গড়ে তোলার মূলে ছিলেন এই আবু তালহা।
বাংলাদেশি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ইক্রামুলের পরিবারের দাবি—তিনি নাকি নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। স্থানীয় পুলিশও খবরটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। সজীব ওয়াজেদের এই দাবির পক্ষে এখনও পর্যন্ত শক্ত প্রমাণ মেলেনি এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও স্পষ্ট কিছু জানায়নি। তবে ভারতীয় গোয়েন্দাদের মূল চিন্তা—হাসিনা সরকারের পতনের পর ইক্রামুলের পাশাপাশি জামিন পাওয়া প্রায় ৩৭০ জন চিহ্নিত জঙ্গি বর্তমানে সীমান্তে বড়সড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।