জিম থেকে বেরোতেই ১৮ রাউন্ড গুলি! খুন জনপ্রিয় গায়ক অঙ্কিত বালিয়ান

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় খুন হন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। সন্ধ্যের দিকে কোতোয়ালি এলাকায় নিজের গাড়ির দিকে এগোতেই চারজন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে চারপাশ থেকে ঘিরে ধরে। বান্তিখেরা গ্রামের ৩২ বছর বয়সি এই শিল্পীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লক্ষ্য করে প্রায় ১৮ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দিল্লি-মুজফ্ফরনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গায়কের পরিবার ও অনুগামীরা। ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়া মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীদের ধরতে একাধিক টিম মাঠে নেমেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই খুন, তা খতিয়ে দেখছে শামলি পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *