অধ্যাপিকাকে অ্যাসিড হামলার হুমকি ও অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, উত্তাল মোহালির বিশ্ববিদ্যালয়!

বার্তা ডেস্কঃ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মহিলা অধ্যাপিকাকে অ্যাসিড হামলার হুমকি ও আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের মোহালির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে পুলিশ সাইবার ক্রাইম ও আইটি অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র রজিত গত বছর থেকেই ওই সহকারী অধ্যাপিকাকে উত্যক্ত করে আসছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে অধ্যাপিকার টেবিলে একটি প্রেমের চিঠি রেখে আসে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সে সময় ক্ষমা চেয়ে বিষয়টি সামলে নিলেও পরবর্তী সময়ে ছাত্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। লাগাতার ইমেলে হুমকি দেওয়া শুরু করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রটির অভিভাবকদের ডাকে। সেখানেও প্রকাশ্যে প্রেম নিবেদনের পর গত ২১ ফেব্রুয়ারি তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হয়।

সাসপেনশনের পরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে অভিযুক্ত। শিক্ষিকার পথ আটকে সে হুমকি দেয়, কথা না শুনলে মুখে তেজাব ঢেলে জীবন নষ্ট করে দেবে। এরপর গত ২২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভুয়ো ইমেল আইডি তৈরি করে অধ্যাপিকার ভুয়া ইস্তফাপত্র এবং কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও শিক্ষার্থী ও শিক্ষকদের গ্রুপে ছড়িয়ে দেয়।

লাগাতার এই সাইবার সন্ত্রাস ও মানহানির পর নিগৃহীতা অধ্যাপিকা অবশেষে পুলিশের শরণাপন্ন হন। পুলিশ ডিজিটাল প্রমাণ সংগ্রহের পাশাপাশি অভিযুক্ত ছাত্রের খোঁজে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *