গোপন ছবি ফাঁস! বিস্ফোরক অভিযোগে সরব নোরা ফতেহি!
বার্তা ডেস্কঃ
‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর’ গান ঘিরে চলা তীব্র বিতর্কের মুখে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নোরা ফতেহি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর কোনো রকম অনুমতি না নিয়েই কন্নড় ভাষার এই গানটি হিন্দিতে ডাব করা হয়েছে এবং লিরিক্যাল ভিডিওতে তাঁর আপত্তিকর ছবি ব্যবহার করা হয়েছে। এমনকী, তাঁর ও সঞ্জয় দত্তের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিও সেখানে জুড়ে দেওয়া হয়েছিল বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তিনি। নোরার দাবি, প্রায় তিন বছর আগে মেগা প্রজেক্ট ভেবে তিনি মূল কন্নড় গানটির শুটিং করেছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা তাঁর সঙ্গে কোনো আলোচনা বা অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেনি।
মূলত গানটি প্রকাশ্যে আসার পরই এর সুর, দৃশ্যায়ন ও কথার বাঁধন নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তীব্র জলঘোলার জেরে তখন থেকেই বিতর্ক অভিনেত্রীর পিছু ছাড়ছিল না। নিজের অবস্থান স্পষ্ট করে নোরা জানিয়েছেন, তাঁর এই দীর্ঘ নীরবতাকে অনেকেই ভুল বুঝেছিলেন, যা তাঁকে সত্য প্রকাশ করতে বাধ্য করেছে। এই ঘটনার পর থেকেই বিনোদন জগতে প্রযোজনা সংস্থার দায়িত্বহীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।