জমি দখলের হুমকি ও ১০ লক্ষ টাকা প্রতারণা! কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
বার্তা ডেস্কঃ
কলকাতায় জমি হাতানোর অভিযোগে ফেঁসে গেলেন এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ২০২০ সালের একটি চুক্তি সংক্রান্ত ঘটনায় বাপি ঘোষের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিতা সাউ নামের এক মহিলা। অভিযোগকারিণীর দাবি, উত্তর কলকাতার গোপী মোহন দত্ত লেনের জমিতে বহুতল আবাসন তৈরির জন্য জোর করে চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া হয়। চুক্তি অনুযায়ী একটি ফ্ল্যাট ও দোকান ঘর পেলেও নগদ সাড়ে দশ লক্ষ টাকা থেকে তাঁকে বঞ্চিত করা হয়। পাওনা টাকা চাইতে গেলে চরম ফল ভুগতে হবে বলে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয়।
ঘটনার দীর্ঘ ছয় বছর পর সম্প্রতি শ্যামপুকুর থানার দ্বারস্থ হন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ আগস্ট দায়ের করা অভিযোগের ভিত্তিতে প্রতারণা, তোলাবাজি ও হুমকির মতো একাধিক ধারায় মামলা রুজু করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভয়ের পরিবেশ কেটে যাওয়ায় তিনি আইনি পদক্ষেপ করতে সাহস পেয়েছেন। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।