রক্তদান শিবিরে ভুয়ো ডাক্তার! বড় শাস্তির মুখে পড়ুয়ারা!
বার্তা ডেস্কঃ
রক্তদান শিবিরে ‘মেডিক্যাল অফিসার’ হিসেবে যোগ দিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া। সম্প্রতি সিআইটি রোডের একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পটিতে চিকিৎসকের ভূমিকা পালন করেন তাঁরা। তবে নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ডিগ্রি ছাড়া কেউ এই পদে থাকতে পারেন না। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য একটি কঠোর বিজ্ঞপ্তি জারি করে পড়ুয়াদের সতর্ক করেছেন। ভবিষ্যতে এমন কাজের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ ডিগ্রি অর্জন ছাড়া মেডিক্যাল অফিসারের দায়িত্ব পালনের কোনো আইনি বৈধতা না থাকায় বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। ঘটনার পরেই স্বাস্থ্য ভবন অভিযুক্ত পড়ুয়াদের ডেকে পাঠায় এবং প্রয়োজনীয় আলোচনার পরই এই নির্দেশিকা জারি করা হয়। উল্লেখ্য, সম্প্রতি রক্ত নিয়ে দুর্নীতির অভিযোগে রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য দফতর ও রক্ত সঞ্চালন পর্ষদ। রক্ত সংগ্রহের পদ্ধতিতে অনিয়মের নানা অভিযোগের মাঝে পড়ুয়াদের এই কাণ্ড নতুন করে বিতর্ক তৈরি করেছে।