খাবারের মোড়কে বড় ধোকা, এবার পিছু হটল নামী কোম্পানিগুলো!

বার্তা ডেস্কঃ

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর কঠোর ব্যবস্থার মুখে পড়ে পিছু হটল নামী খাদ্য প্রস্তুতকারী সংস্থাগুলি। বোর্নভিটা প্রস্তুতকারক মন্ডেলেজ ইন্ডিয়া এবং অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ সহ একাধিক ব্র্যান্ড তাদের পণ্যের পুষ্টিগুণ ও স্বাস্থ্য সম্পর্কিত বিভ্রান্তিকর দাবিগুলি প্রত্যাহার করে নিয়েছে। বিভিন্ন খাদ্যপণ্যের বিজ্ঞাপনে ‘১০০% খাঁটি’, ‘হেলদি’, ‘অর্গানিক’ কিংবা ‘এনার্জি ড্রিঙ্ক’-এর মতো অতিরঞ্জিত শব্দ ব্যবহার করে দীর্ঘদিন ধরে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ উঠছিল। FSSAI-এর নোটিস পাওয়ার পরেই এই সংস্থাগুলি সংশোধনমূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়।

নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে মন্ডেলেজ ইন্ডিয়া তাদের বিজ্ঞাপনের বিভ্রান্তিকর তথ্য এবং ই-কমার্স প্ল্যাটফর্মের প্রচার সরিয়ে নিয়েছে। অন্যদিকে, অ্যামওয়ে ইন্ডিয়া নারকেল তেলের বোতল থেকে ‘১০০% পিওর’ এবং তাদের ক্যাফেইনযুক্ত এক্সএস পণ্য থেকে ‘এনার্জি ড্রিঙ্ক’ শব্দগুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে স্যাপিয়েন্স ল্যাবস এবং জুজা ফুডসের মতো সংস্থাও তাদের ভুল স্বীকার করে সমস্ত বিতর্কিত দাবি ও বিজ্ঞাপন প্রত্যাহার করেছে। বিশেষজ্ঞদের মতে, প্যাকেটজাত পণ্যের সঠিক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা যাচাইয়ের ক্ষেত্রে এই নজরদারি সাধারণ ক্রেতাদের অধিকার সুরক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *