আজ কি ভাসবে আপনার জেলা? ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা!

বার্তা ডেস্কঃ

অগাস্টের শেষে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের দুর্যোগের মুখোমুখি পশ্চিমবঙ্গ। আজ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির মাঝেও ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। রাজধানী কলকাতায় বড় কোনো সতর্কবার্তা না থাকলেও আকাশ মূলত মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলবে। উত্তাল সমুদ্রের জেরে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া কিছুটা একই রকম থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, মালদা এবং দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *