হড়পা বানে ধ্বংসস্তূপ নেপাল, মৃত্যুমিছিল পেরিয়ে নতুন কীসের আতঙ্ক?
বার্তা ডেস্কঃ
নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ৩৯২ জনে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১,৪৬৮ জন। হিমবাহ ধসে নামা বরফ, পাথর ও কাদার প্রবল স্রোতে রাসুয়া এবং নুয়াকোটের বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ চাপা পড়েছে। ভেঙে পড়েছে একাধিক সেতু এবং রাস্তাঘাট, যার ফলে বেশ কয়েকটি গ্রাম দেশের অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলবিদ্যুৎ প্রকল্পগুলিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এই অঞ্চলগুলিতে রাস্তা ভেসে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা। ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে আটকে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভোতে কোশি নদীর উৎসের কাছে তৈরি হওয়া একটি নতুন বেরিয়ার লেক। সেটি ভেঙে পড়লে নতুন করে বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে প্রায় ২৯০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় বিদেশ মন্ত্রক ২৪ ঘণ্টার একটি কন্ট্রোল রুম চালু করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালকে সবরকম মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। জীবিতদের সন্ধান ও ত্রাণ পৌঁছানোর কাজ জোরকদমে চলছে।