অন্নপূর্ণা যোজনার নামে বড় প্রতারণা, সর্বস্বান্ত অসহায় গৃহবধূরা!
বার্তা ডেস্কঃ
রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি প্রকল্পের নামে প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। এবার ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গৃহবধূদের নিশানা করছে এক প্রতারক চক্র। পুরসভার কর্মচারী পরিচয় দিয়ে ফোন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ব্যাংক বিবরণী বা ওটিপি হাতিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জঙ্গিপুরের ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন গৃহবধূ এই সাইবার জালিয়াতির শিকার হয়েছেন।
প্রতারিতদের মধ্যে রাবিয়া বিবি নামের এক মহিলা প্রায় ২৯,৯০০ টাকা এবং মমতা সরকার নন্দী নামের অন্য এক গৃহবধূ আট হাজার টাকা হারিয়েছেন। এভাবেই একাধিক জনের অ্যাকাউন্ট থেকে প্রায় চল্লিশ হাজার টাকার বেশি আত্মসাৎ করেছে দুষ্কৃতীরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর পৌরসভার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পৌরসভা থেকে এ ধরনের কোনো ফোন করা হয় না এবং সরকারি প্রকল্পের জন্য কখনোই ওটিপি বা ব্যাংক তথ্য চাওয়া হয় না। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার এবং অপরিচিত ফোন নম্বর থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।