ভারতের খুব কাছেই ৭২ ঘণ্টার জলবিস্ফোরণ, জারি হলো চরম সতর্কবার্তা!

বার্তা ডেস্কঃ

চিন-নেপাল সীমান্তের কাছে তৈরি একটি বিশাল প্রতিবন্ধক হ্রদ বা ব্যারিয়ার লেককে কেন্দ্র করে ৭২ ঘণ্টার মধ্যে তীব্র জলবিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছে। চিনের জলসম্পদ মন্ত্রকের জারি করা সতর্কবার্তায় জানানো হয়েছে, চোচেন খোলা ও পুরপু সাংপো নদীর সঙ্গমস্থলে তৈরি এই হ্রদটিতে প্রায় ২০ লক্ষ ঘনমিটার জল জমে রয়েছে। প্রাকৃতিক এই বাঁধটি দুর্বল হওয়ায় যে কোনো মুহূর্তে তা ভেঙে জিএলওএফ বা হ্রদ বিস্ফোরণজনিত বন্যার সৃষ্টি করতে পারে। এর ফলে নীচের দিকে প্রচণ্ড গতিতে পাথর ও ধ্বংসাবশেষসহ বিশাল জলস্রোত নেমে আসার ঝুঁকি রয়েছে।

এই হ্রদটির সরাসরি ভারতীয় সীমানায় অবস্থান না থাকলেও, এর নদীপথের সংযোগ ভারতকে বিপদের মুখে ফেলেছে। হ্রদের জল নেপালের নদী পার হয়ে গন্ডক নদীর মাধ্যমে বিহার ও উত্তরপ্রদেশের দিকে ধেয়ে আসে। সম্প্রতি নেপালের ভয়াবহ হড়পা বানের রেশ কাটতে না কাটতেই এই নতুন বিপদের অ্যালার্ট জারি হওয়ায় সীমান্তবর্তী নদী তীরবর্তী অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় চিন যেমন রিয়েল-টাইম মনিটরিং শুরু করেছে, তেমনই ভারতের সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *