নেপালের প্রলয়ে কাঁপছে উত্তরবঙ্গ, পাহাড়ে জারি চরম সতর্কতা!
বার্তা ডেস্কঃ
নেপালে হড়পা বান ও মেঘ ভাঙা বৃষ্টির ভয়াবহ তাণ্ডবে শয়ে শয়ে মানুষের মৃত্যু এবং বহু ভারতীয়র নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গজুড়ে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সমতলে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকলেও পাহাড়ি অঞ্চলে পারদ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে, নেপালে আটকে থাকা পশ্চিমবঙ্গের নিখোঁজ ও বিপন্ন বাসিন্দাদের দ্রুত উদ্ধারে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, সিআইডি এবং ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একাধিক জরুরি হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পাহাড়ি এলাকায় ভ্রমণকারী পর্যটক ও সাধারণ মানুষকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।