ফের রণক্ষেত্র মণিপুর, প্রধানশিক্ষক-সহ ৫ জনের মৃত্যুতে চরম আতঙ্ক!

বার্তা ডেস্কঃ

মণিপুরের কাংপোকপি জেলায় সশস্ত্র দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলিতে ঝরল পাঁচজনের তাজা প্রাণ। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকও। বৃহস্পতিবার ঘটা এই রক্তক্ষয়ী ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তদের নির্দিষ্ট পরিচয় বা হামলার নেপথ্য কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে চলা জাতিগত সংঘাতের জেরে উত্তর-পূর্বের এই রাজ্যটি বারবার অশান্ত হয়ে উঠেছে। এর আগে গত মাসেও বিদ্রোহীদের হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। একের পর এক হিংসার ঘটনায় লাগাম টানতে এবং শান্তি ফিরিয়ে আনতে রাজ্য সরকার ও বিভিন্ন নিরাপত্তা বাহিনী যৌথভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শান্তি প্রক্রিয়ায় যুক্ত কোনো গোষ্ঠীর সদস্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করলে প্রশাসন এবার থেকে আরও কঠোর পদক্ষেপ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *