১৪ হাজার কোটি উদ্ধারের পরেও ছাড় নেই, বিজয় মালিয়ার বিস্ফোরক মন্তব্যে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
জি গ্রুপের প্রাক্তন কর্ণধার সুভাষ চন্দ্রের বিপুল ঋণ নামমাত্র অর্থে মকুব হওয়ার পরই তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন পলাতক শিল্পপতি বিজয় মালিয়া। এক্স হ্যান্ডলে এক পোস্টে সুভাষ চন্দ্রকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি। মালিয়ার দাবি, তাঁর ৬,২০৩ কোটি টাকার ঋণের বিপরীতে ইতিমধ্যেই ব্যাঙ্ক ও সরকার ১৪,১০০ কোটি টাকা উদ্ধার করেছে। অথচ এরপরেও তাঁকে আইনি গ্যাঁড়াকলে আটকে রাখা হয়েছে, যা ভারতীয় বিচারব্যবস্থার ঋণ নিষ্পত্তি প্রক্রিয়ার এক অদ্ভুত বৈষম্য বলেই ইঙ্গিত করেছেন তিনি।
প্রসঙ্গত, ন্যাশনাল কো ম্পা নি ল’ ট্রাইব্যুনালের রায়ে বিশাল অঙ্কের ঋণ থেকে নামমাত্র পরিশোধেই বড় স্বস্তি পেয়েছেন সুভাষ চন্দ্র। তাঁর বিভিন্ন সংস্থার ২২ হাজার কোটি টাকারও বেশি ঋণের বিপরীতে ব্যক্তিগত সম্পত্তি থেকে মাত্র সাড়ে ছয় কোটি টাকা মিটিয়ে এই দায়মুক্তির পথ তৈরি হয়েছে। যদিও সুভাষ চন্দ্রের দাবি, তাঁর ঋণের একটা বড় অংশ আগেই শোধ করা হয়েছিল এবং বাকি অংশের জন্যই ট্রাইব্যুনাল এই পদক্ষেপ করেছে। তবে এই ঘটনার পরই মালিয়ার সরব হওয়া নতুন করে আইনি ও রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে।