আসছে পুজো, তিলোত্তমার রূপ বদল নিয়ে বড় বিপাকে পুরসভা!
বার্তা ডেস্কঃ 
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ সত্ত্বেও কলকাতার রাস্তা সংস্কার ও সৌন্দর্যায়ন কাজ থমকে গেছে ঠিকাদারদের অসহযোগিতা ও আর্থিক সংকটের কারণে। গত তিন বছর ধরে পাওনা টাকা না পাওয়ায় অধিকাংশ ঠিকাদার টেন্ডার বয়কট করেছেন, ফলে ওয়ার্ডের ভেতরের রাস্তাগুলির মেরামত কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বরো অফিসের সিভিল ইঞ্জিনিয়াররা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে না পেরে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এবং আমজনতার ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন।
পাশাপাশি, পুজোর আগে রাস্তার ডিভাইডার ও দুপাশ কোন রঙে রাঙানো হবে, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র দোটানা। বিগত ১৫ বছর ধরে প্রচলিত নীল-সাদা রঙের পরিবর্তে নতুন কোনো রঙের সমাহার আসবে কি না, তা নিয়ে নবান্ন ও পুরভবনের শীর্ষকর্তারাও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। রাস্তার সর্বভারতীয় নিয়ম মেনে হলুদ-কালো বর্ডার দেওয়ার কথা ভাবা হলেও, গ্রিল বা ডিভাইডারের চূড়ান্ত রঙ নির্ধারণের বিষয়টি বর্তমানে সৌন্দর্য সচেতন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের দপ্তরে বিচারাধীন রয়েছে।