ফ্রিজের ঠান্ডা জল কি সত্যিই বিপদজনক? জানুন আসল সত্যি!

বার্তা ডেস্কঃ

বর্ষা এলেই ফ্রিজের ঠান্ডা জল এড়িয়ে চলার প্রবণতা বাড়ে। অনেকেরই ধারণা, ঠান্ডা জল খেলেই সর্দি-কাশি হতে পারে। তবে চিকিৎসকদের মতে, সরাসরি ঠান্ডা জল খাওয়ার কারণে এই শারীরিক সমস্যা দেখা দেয় না। সাধারণ সর্দি-কাশি মূলত একটি ভাইরাল ইনফেকশন, যার পেছনে রাইনোভাইরাসসহ প্রায় দুইশ রকমের ভাইরাস দায়ী থাকে। এর ফলে হাঁচি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা এবং কাশির মতো উপসর্গ প্রকাশ পায়। তাই শুধুমাত্র ঠান্ডা জল পান করলেই যে কারও সর্দি হবে, এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। তবে অতিরিক্ত ঠান্ডা জল খেলে সংবেদনশীল গলায় সাময়িক অস্বস্তি বা খরখরে ভাব তৈরি হতে পারে।

সর্দি-কাশি এড়াতে শুধুমাত্র জল এড়িয়ে চলা যথেষ্ট নয়, বরং ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা বেশি জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা খাওয়ার আগে ও পরে নিয়ম করে হাত ধোয়া এবং সংক্রামিত ব্যক্তিদের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দেন। এছাড়া পর্যাপ্ত ঘুম, সুষম আহার ও পরিচ্ছন্নতা বজায় রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সাধারণ সর্দি সাধারণত কয়েকদিনের মধ্যে নিজে থেকেই সেরে যায়। কিন্তু এর সঙ্গে তীব্র জ্বর বা শ্বাসকষ্টের মতো জটিল লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজের শরীরের সহ্যক্ষমতা অনুযায়ী জল পান করাই সবচেয়ে নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *