অভিষেকের অফিসে ভাঙচুর কাণ্ড! হাই কোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল
বার্তা ডেস্কঃ
কলকাতা ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ লেখা বিলবোর্ড খুলে নেওয়ার ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে শাসকদল। তবে প্রাথমিক শুনানিতে এই ঘটনায় এখনই কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে রাজি হয়নি আদালত। বিচারপতি রাজা বসুচৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেহেতু হোর্ডিং ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে, তাই এই মুহূর্তে আদালতের জরুরি হস্তক্ষেপের কোনও আবশ্যকতা নেই। আদালতের নির্দেশ অনুযায়ী, মামলাটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সমস্ত পক্ষকে এ বিষয়ে লিখিত হলফনামা জমা দিতে হবে। হলফনামা পেশ সম্পূর্ণ হওয়ার পরেই মামলার পরবর্তী শুনানির আর্জি জানানো যাবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয়ে কলকাতা পুরসভা ও পুলিশের যৌথ অভিযানে সাইনবোর্ড অপসারণকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, আইনানুগ নিয়মের তোয়াক্কা না করেই এবং প্রয়োজনীয় অনুমতি ও কর পরিশোধ ছাড়াই ওই হোর্ডিং লাগানো হয়েছিল। অপরদিকে, এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত সম্পত্তিতে অবৈধ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে তৃণমূল নেতৃত্ব। এই সংঘাতের জেরে পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ডেরেক ও’ব্রায়েনসহ তেরো জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি শেক্সপিয়র সরণি থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ একাধিক শীর্ষ নেতার নাম রয়েছে।