আসামে যাত্রীবাহী বাসে বিপুল টাকা উদ্ধার, আটক চালক ও খালাসি!
বার্তা ডেস্কঃ
কোচবিহারের বক্সিরহাট থানার পুলিশ আসামের নম্বর প্লেটের একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে বাইশ লক্ষ টাকা উদ্ধার করেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার বেলা এগারোটা নাগাদ আসাম-বাংলা সীমানা সংলগ্ন ভাঙ্গাপাকড়ি নাকা চেকপোস্টে বাসটিতে তল্লাশি চালানো হয়। আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে ভুটানের গেলেফুর উদ্দেশে যাওয়া বাসটির চালকের আসনের নিচ থেকে উদ্ধার হয় টাকার বান্ডিলগুলি। এই ঘটনায় পুলিশ বাসের চালক ও খালাসিকে আটক করেছে এবং বাসটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের বেশিরভাগই ৫০০ টাকার নোট, সঙ্গে কিছু ২০০ ও ১০০ টাকার নোটও রয়েছে। ঘটনার সময় বাসটিতে মহিলাসহ প্রায় কুড়ি থেকে বাইও্বশ জন যাত্রী ছিলেন। পুলিশ যাত্রীদের নামিয়ে তল্লাশি চালিয়ে তাঁদের অন্য বাসে গন্তব্যে পাঠায়। এত টাকা কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে ভুটানে পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে বক্সিরহাট থানার তদন্তকারী অফিসাররা।