এসসি-এসটি কোটা নিয়ে তুঙ্গে সংঘাত! এনডিএ-তে কি ভাঙন আসন্ন?
বার্তা ডেস্কঃ
এসসি-এসটি (SC-ST) সংরক্ষণের উপ-শ্রেণীকরণ (Sub-categorization) বিতর্ককে কেন্দ্র করে এবার সরাসরি সংঘাত শুরু হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্দরেই। এনডিএ (NDA)-র দুই হেভিওয়েট মন্ত্রী— লোক জনশক্তি পার্টির (LJP) চিরাগ পাসওয়ান এবং হিন্দুস্থান আম মোর্চার (HAM) জিতন রাম মাঝি একে অপরের বিরুদ্ধে তোপ দেগে প্রকাশ্যে পদত্যাগের দাবি তুলেছেন।
বিবাদের নেপথ্যে কী?
২০২৪ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে, পিছিয়ে পড়া প্রকৃত সুফলভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে রাজ্যগুলি চাইলে এসসি-এসটি সংরক্ষণের ভেতরে উপ-শ্রেণীকরণ করতে পারবে। জিতন রাম মাঝির দল ‘হাম’-এর নেতা সন্তোষ কুমার সুমন এই রায় সমর্থন করে দাবি করেন, মুসহার সম্প্রদায়ের মতো অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থেই এই পর্যালোচনা দরকার, যাতে একটি নির্দিষ্ট গোষ্ঠী সব সুবিধা না পেয়ে যায়।
চিরাগ বনাম মাঝি বাকযুদ্ধ:
চিরাগ পাসওয়ান এই অবস্থানের তীব্র বিরোধিতা করে জানান, এসসি/এসটি সংরক্ষণের ভিত্তি ঐতিহাসিক অনগ্রসরতা; এতে কোনো ‘ক্রিম লেয়ার’ বা অর্থনৈতিক মাপকাঠি আনা চলবে না। মাঝি শিবিরকে তোপ দেগে চিরাগ বলেন, “জিতন রাম মাঝি ও তাঁর দল সাব-কোটার এত পক্ষে হলে, তাঁরা নিজেরা সুবিধা নেওয়া বন্ধ করে আগে পদ ছেড়ে দিক।”
এর পাল্টায় জিতন রাম মাঝি সরব হয়ে জানান, চিরাগ গরিবের দুঃখ বোঝেন না। জনস্বার্থে এই পুনর্বিন্যাস জরুরি মন্তব্য করে মাঝি পাল্টা দাবি করেন, গরিবের প্রতি দরদ না থাকলে ইস্তফা চিরাগেরই দেওয়া উচিত।
সুপ্রিম কোর্টের রায়ের পর দুই কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রকাশ্য বাকযুদ্ধ জোটের অন্দরে বড়সড় রাজনৈতিক ফাটলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।