বন্যার জলে ভাসল ব্যাংকের লকার, লাখ লাখ টাকা লুটের চেষ্টার ঘটনায় আটক ২৯!
বার্তা ডেস্কঃ
নেপালের ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অপরাধের ঘটনা প্রকাশ্যে আসছে। একদিকে জলের তোড়ে গোটা জনজীবন লণ্ডভণ্ড, অন্যদিকে সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি ব্যাংকের লকার ভেঙে টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাসুয়া জেলার ভোতেকোশি এলাকা থেকে ব্যাংকের একটি লকার বন্যার তোড়ে ভেসে যায়। সেটি ধাদিং জেলার বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে এসে আটকে পড়ে। স্থানীয় কয়েকজন লকারটি ভেঙে ভেতরের টাকা হাতিয়ে নিচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ১৯ থেকে ৪৯ বছর বয়সী ২৯ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় নগদ ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। ধৃতদের অধিকাংশই গালছি এলাকার বাসিন্দা। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এর পাশাপাশি, আরও একটি অমানবিক ঘটনা পুলিশ প্রশাসনকে স্তম্ভিত করেছে। নারায়ণী নদীতে ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণালংকার খুলে নেওয়ার অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
এদিকে নেপালে প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৬ জনে এবং নিখোঁজ রয়েছেন অন্তত ২,৪২৬ জন (যার মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক)। বহু দুর্গম এলাকায় উদ্ধারকাজ এখনও অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।