শত পুরুষের সামনে শুটিং! ওই অভিজ্ঞতাই আমাকে মুক্ত করেছিল—দিয়া মির্জা
বার্তা ডেস্কঃ
বলিউডে কেরিয়ারের শুরুর দিনগুলোতে বেশ কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রী দিয়া মির্জাকে। সম্প্রতি তেমনই এক কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমসা নেহি দেখা’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন দিয়া। ছবিটির জনপ্রিয় গান ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’-এর শুটিংয়ের সময় সেটে উপস্থিত প্রায় শতাধিক পুরুষের সামনে তাঁকে অত্যন্ত কম পোশাকে পারফর্ম করতে হয়েছিল।
হায়দরাবাদের এক রক্ষণশীল পরিবারে বেড়ে ওঠা দিয়ার জন্য এই ধরনের শুটিং অত্যন্ত অস্বস্তিকর ছিল। ২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ দিয়ে বলিউডে পা রাখা এই অভিনেত্রী জানান, শুরুর দিকে নিজের শরীর নিয়ে তিনি বেশ অসচ্ছল ও আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন। সেই জায়গায় দাঁড়িয়ে শত শত পুরুষের সামনে স্বল্প পোশাকে পারফর্ম করাটা তাঁর কাছে বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।
তবে এই ঘটনাকে কেবল তিক্ত অভিজ্ঞতা হিসেবে দেখতে রাজি নন দিয়া। তাঁর মতে, এই শুটিংই তাঁকে নিজের শরীর সম্পর্কে সচেতন ও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করেছিল। তিনি জানান, এই ঘটনাটি তাঁর ভিতরের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ও আড়ষ্টতা ভেঙে তাঁকে মানসিকভাবে ‘মুক্ত’ হতে সাহায্য করে, যা তাঁর পরবর্তী অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করেছে।
সেটে এমন কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও কাজটি সহজ করার পেছনে কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট ও পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দিয়া। তাঁর স্পষ্ট বক্তব্য, শুটিং সেটে নিরাপত্তা ও পেশাদার সম্মান বজায় ছিল বলেই তিনি অস্বস্তি কাটিয়ে নিজের সেরাটা দিতে পেরেছিলেন।