নামী দোকানে পোকা ও বাসি মিষ্টি, শিলিগুড়িতে সিল কারখানা!

বার্তা ডেস্কঃ

খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা বজায় রাখতে উত্তরবঙ্গ জুড়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। শনিবার শিলিগুড়ি পুরসভা, পুলিশ এবং খাদ্য সুরক্ষা দপ্তর যৌথভাবে শহরের একাধিক খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেবক রোডের একটি বিখ্যাত মিষ্টির দোকানের কারখানায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে সেটি সিল করে দেওয়া হয়। পরিদর্শনের সময় ঘিয়ের পাত্রে মাছি এবং চারপাশে প্রচুর টিকটিকি ও আরশোলা দেখতে পান আধিকারিকেরা। শিলিগুড়ি পুর কমিশনার বীর বিক্রম রাই এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানটিকে শো-কজ় করেছেন। একই দিনে বর্ধমান রোডের একটি বিরিয়ানির দোকান এবং বিধান মার্কেটের অপর একটি মিষ্টির দোকানেও তল্লাশি চালানো হয়; সেখানে সামান্য অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সতর্কবার্তা দেওয়া ছাড়া অন্য কোনও বড় গলদ মেলেনি। এছাড়া, ডেঙ্গু প্রতিরোধে বেসমেন্টে জল জমিয়ে রাখার অপরাধে শহরের একটি নির্মীয়মাণ ভবনের কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে পুরসভা।

অন্যদিতে, জলপাইগুড়ির মালবাজার মহকুমাতেও দিনভর অভিযান চালিয়েছে পুলিশ ও মহকুমা প্রশাসন। মেটেলি ও চালসা বাজারে মহকুমাশাসক উৎকর্ষ খান্ডাল এবং এসডিপিও সুদীপ্ত সরকারের নেতৃত্বে চাল, ডাল ও চিনির পাইকারি গুদামে হানা দেওয়া হয়। অতিরিক্ত চিনি মজুত রাখার অভিযোগে মেটেলি বাজারের একটি গুদাম সিল করে দেওয়া হয়, সেখান থেকে ৩৫০ বস্তা চিনি বাজেয়াপ্ত করা হয়েছে। ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এক মাসের বেশি চিনি গুদামজাত করে রাখা চলবে না। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কালোবাজারি রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও লাগাতার চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *