পকেটের বাজেটে বিদেশ ভ্রমণ, গুগলের এআই ফিচারেই কমবে খরচ!
বার্তা ডেস্কঃ
পকেটের বাজেটে বিদেশ ভ্রমণের স্বপ্ন দেখছেন? ভ্রমণপিপাসুদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। বেড়াতে যাওয়ার পরিকল্পনাকে আরও সহজ ও সাশ্রয়ী করতে গুগল তার ‘এআই সার্চ মোডে’ যুক্ত করেছে বেশ কিছু নতুন ফিচার। এখন থেকে বিমানে টিকিটের দাম ট্র্যাকিং, রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার এবং হোটেল বুকিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এআই-এর সাহায্যেই দ্রুত সেরে ফেলা যাবে।
কম খরচে বিমানের টিকিট ও রিয়েল-টাইম অ্যালার্ট গুগল তাদের জনপ্রিয় ‘গুগল ফ্লাইটস’-এর প্রাইজ ট্র্যাকিং সুবিধাটি এখন সরাসরি এআই মোডে যুক্ত করেছে। আপনি শুধু নিজের গন্তব্য ও ভ্রমণের তারিখ লিখে এআই-কে নির্দেশ দিলেই তা টিকিটের দামের ওপর নজর রাখবে। বিমানের ভাড়া কমলে বা বাড়লে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার ইমেইলে। বর্তমানে বিশ্বজুড়ে ৩০০টিরও বেশি এয়ারলাইন ও ট্রাভেল ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করে ১৮০টির বেশি দেশে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
রিওয়ার্ড পয়েন্ট ও মাইলের সঠিক হিসাব ভ্রমণের জন্য আপনার কতো রিওয়ার্ড পয়েন্ট বা মাইল প্রয়োজন হবে, তাও নিমেষেই হিসাব করে দেবে এই এআই মোড। আপাতত আলাস্কা এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, হিলটন ও উইন্ডহ্যামের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এই পরিষেবায় যুক্ত রয়েছে। খুব শীঘ্রই এর সাথে যুক্ত হতে যাচ্ছে হায়াত, লুফথানসা ও অ্যাকরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো।
ঝামেলা ছাড়াই সরাসরি হোটেল বুকিং শুধু বিমানের টিকিটই নয়, হোটেল খোঁজা ও বুক করার কাজও করা যাবে এআই মোডের মাধ্যমে। গন্তব্য ও তারিখ জানালে এআই আপনার সামনে সেরা হোটেলগুলোর তালিকা ও রিভিউ তুলে ধরবে। পছন্দের হোটেল বেছে নিয়ে ‘Continue on Google’ অপশনে ক্লিক করলেই গুগল পে (Google Pay)-এর মাধ্যমে নিরাপদে পেমেন্ট সেরে বুকিং নিশ্চিত করা যাবে। বর্তমানে এই হোটেল বুকিং ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় চালু করা হয়েছে।