শিক্ষক নেই স্কুলবাড়িতে, মাত্র তিনদিন ক্লাসে পড়ুয়ারা! শুরু তীব্র বিতর্ক
বার্তা ডেস্কঃ
জলপাইগুড়ির ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের জেরে পড়ুয়াদের সপ্তাহে মাত্র তিনদিন স্কুলে আসার অদ্ভুত প্রস্তাব ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১১৪৩ জন ছাত্রের এই বিদ্যালয়ে ৩১ জন শিক্ষকের মধ্যে ২৫ জনই বর্তমানে জনগণনার কাজে ব্যস্ত রয়েছেন। এমন পরিস্থিতিতে পঠন-পাঠন সচল রাখা আসাম্ভব হয়ে পড়ায় এবং ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে সমস্যা হওয়ায় কিছু অভিভাবকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। একই সমস্যায় জর্জরিত জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ও, যেখানে ৩৩ জনের মধ্যে ২২ জন শিক্ষক জনগণনার কাজে যুক্ত থাকায় মাত্র ১১ জন শিক্ষক নিয়ে পঠন-পাঠন চালানো নিয়ে প্রশ্ন উঠেছে।
এই ঘটনায় অভিভাবকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন যে, সরকারি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের কথা বলা হলেও এই ধরনের পদক্ষেপে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ছে। বিষয়টি ইতোমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক সহ শিক্ষাদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের অবগত করা হয়েছে। অন্যদিকে, জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় স্পষ্ট জানিয়েছেন যে, জনগণনার কাজ আবশ্যিক হলেও তার জেরে স্কুল বন্ধ রাখা যাবে না; নিয়ম মেনেই প্রতিদিন স্কুল সচল রাখতে হবে। প্রশাসনের এই কঠোর বার্তার পর বিদ্যালয়গুলির শিক্ষক সংকট কীভাবে কাটবে এবং পঠন-পাঠন স্বাভাবিক ছন্দে ফিরবে কি না, সেটাই এখন দেখার বিষয়।