দরজার বাইরে খাড়গে! দলিত অপমানের ঘটনায় তোলপাড় রাজনীতি!
বার্তা ডেস্কঃ 
নয়াদিল্লি: দলিত হেনস্তা ও সম্মানহানির অভিযোগে রাহুল গান্ধীর মন্তব্যের পরপরই পাল্টা তোপে জাতীয় রাজনীতি উত্তপ্ত করে তুলল শাসকদল বিজেপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী এবং জাতীয় মুখপাত্র গুরু প্রকাশ পাসওয়ান যৌথ সংবাদ সম্মেলনে দাবি করেন, কংগ্রেসের মূল চরিত্র এবং ডিএনএ-তেই রয়েছে দলিত-বিরোধী মানসিকতা।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে আসাম্মান করার অভিযোগ তুলে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন পেশের দিনের একটি প্রসঙ্গ সামনে আনেন বিজেপি মুখপাত্র গুরু প্রকাশ পাসওয়ান। তাঁর প্রশ্ন, “মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সোনিয়া, প্রিয়াঙ্কা এবং পরিবারের বাকি সদস্যরা যখন ঘরের ভেতরে ছিলেন, তখন দলের জাতীয় সভাপতি হওয়া সত্ত্বেও খাড়গেকে কেন দরজার বাইরে দাঁড়িয়ে উঁকি দিতে হয়েছিল?” এর পাশাপাশি অতীতে পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি. নারায়ণস্বামী যেভাবে রাহুলের চপ্পল কুড়িয়ে হাতে তুলে দিয়েছিলেন, সেই পুরনো প্রসঙ্গ টেনেও রাহুলকে তীব্র আক্রমণ করেন তিনি।
অন্যদিক থেকে আক্রমণ বাড়িয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী দাবি করেন, কংগ্রেসের কাছে দলিতদের সম্মান কেবলই ভোটব্যাংকের স্বার্থে ব্যবহৃত হয়। কর্ণাটকে দলিত বিধায়ক অখণ্ড শ্রীনিবাস মুর্তির বাড়িতে হামলার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস জমানায় দলিতরা বারবার অন্যায়ের শিকার হলেও দল কখনোই আক্রান্তদের পাশে দাঁড়ায়নি।
উল্লেখ্য, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, দেশজুড়ে প্রতিদিন দলিতদের অপমান করা হচ্ছে এবং মল্লিকার্জুন খাড়গেও তার ব্যতিক্রম নন। রাহুলের সেই অভিযোগকেই রাজনৈতিক সস্তা কৌশল হিসেবে চিহ্নিত করে পুরো ঘটনায় উল্টে কংগ্রেসের ইতিহাসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে গেরুয়া শিবির।