প্রতারিতদের টাকা ফেরাতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ক্রীড়া বাজেটে ৪০০ কোটির চমক!
বার্তা ডেস্কঃ
জাতীয় ক্রীড়াদিবসে নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির ইভেন্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলা এবং দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণার পাশাপাশি তিনি পূর্বতন সরকারের চরম সমালোচনা করেন।
যুবভারতীর মেসি-কাণ্ডে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই ফুটবল তারকার বিপুল জনপ্রিয়তা রয়েছে। বহু সাধারণ তরুণ এবং ডেলিভারি বয়দের মতো খেটে খাওয়া মানুষ ৬ থেকে ৮ হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মাঠে গিয়ে প্রতারিত হয়েছেন। সেদিন যাঁরা কষ্টার্জিত অর্থ দিয়ে টিকিট কেটেছিলেন, তাঁদের সেই টাকা কীভাবে ফেরত দেওয়া যায়, রাজ্য সরকারের তরফে তার জোরদার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।
এর পাশাপাশি, রাজ্যের সামগ্রিক ক্রীড়াকাঠামো বদলে ফেলতে বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি এবং কলকাতার ক্লাবগুলিকে প্রতি বছর ১ কোটি টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। হরিয়ানার মডেল অনুসরণ করে আন্তর্জাতিক স্তরের ক্রীড়াবিদদের পদক জয়ের আগেই আর্থিক সহায়তা দিয়ে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সরকারের এই সব পদক্ষেপে রাজ্যের ক্রীড়ামহলে নতুন আশার আলো দেখা যাচ্ছে।