সাবধান! বাজারজাত খাবারে এবার কড়া নজর FSSAI-এর!
বার্তা ডেস্কঃ
প্যাকেটজাত খাবার কেনার আগে এবার ক্রেতাদের সচেতন করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি হলফনামায় সংস্থাটি খাদ্যপণ্যের গায়ে নতুন লেবেলিং নিয়মের প্রস্তাব করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, চিপস, বিস্কুট বা কোল্ড ড্রিংকসের মতো কোনো খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি, লবণ বা সম্পৃক্ত চর্বি (স্যাচুরেটেড ফ্যাট) থাকলে প্যাকেটের সামনের অংশে ‘স্টপ সাইন’-এর মতো একটি লাল রঙের ষড়ভুজ সতর্কবার্তা বসাতে হবে। ওই চিহ্নের নিচে স্পষ্ট বড় অক্ষরে ‘উচ্চ চিনি’, ‘উচ্চ লবণ’ বা ‘উচ্চ ফ্যাট’ লেখা বাধ্যতামূলক করা হচ্ছে, যার অক্ষরের আকার হবে পণ্যের পুষ্টি তালিকার চেয়েও বড়।
এই নিয়মটি দুটি ধাপে চালু করার পরিকল্পনা রয়েছে:
- প্রথম ধাপ: একাধিক পুষ্টি উপাদান নির্ধারিত মাত্রা ছাড়ালে লাল লেবেল বসবে।
- দ্বিতীয় ধাপ: যেকোনো একটি উপাদান নির্ধারিত সীমা অতিক্রম করলেই লাল সতর্কবার্তা দেওয়া বাধ্যতামূলক হবে।
শিশুদের স্থূলতা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পর সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কোকা-কোলা, নেসলে বা পেপসিকোর মতো বহুজাতিক সংস্থাগুলো এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানালেও জনস্বাস্থ্যের বিচারে সরকার নিজের সিদ্ধান্তে অনড়। তবে ঘি, তেল, গুড় বা মধুর মতো এক উপাদান বিশিষ্ট খাবারকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। অতিরিক্ত ফ্যাট ও চিনিযুক্ত খাবারের গোপন বিপদ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই নিয়ম ক্রেতাদের কেনাকাটার অভ্যাসে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।