মাঝসমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের চাকরি দিলেন মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় প্রাণ হারানো ৯ মৎস্যজীবীর পরিবারের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। শনিবার রাতে দিঘা থানার নিকটবর্তী এক সভাগৃহে উপস্থিত হয়ে নিহতদের পরিবারের একজন সদস্যের হাতে হোমগার্ডের সরকারি নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত জুলাই মাসের শুরুতে ‘মা কালী’ নামে একটি ট্রলার ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। ট্রলারটির মালিক রামনগর থানার দেউলিবাংলার বাসিন্দা অভিজিৎ বেরা। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রলারটি বন্দরে না ফেরায় এবং মৎস্যজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব না হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর ‘শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন’ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধারকাজ শুরু হয়।

পরবর্তীতে ট্রলারটির সন্ধান মেলে এবং সেখান থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়, যাঁদের সকলের বাড়ি ছিল পূর্ব মেদিনীপুর জেলায়। এই ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছিল। এবার পরিবারগুলোর স্থায়িত্ব ও ভবিষ্যতের কথা ভেবে তাঁদের পাশে দাঁড়িয়ে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। স্বজন হারানোর গভীর বেদনার মাঝেও রাজ্য সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *