কিডনি পাচারের ভয়াবহ জাল বাংলাদেশে, ধরা পড়ল মূল হোতা রাসেল!

বার্তা ডেস্কঃ

কলকাতা ও ঢাকার সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক কিডনি পাচারচক্রের ভয়ঙ্কর জালের সন্ধান মিলল বাংলায়। সল্টলেক ও বিধাননগরের ঘটনায় তদন্ত করতে নেমে বেঙ্গল এসটিএফের একটি বিশেষ দল কলকাতার বাগুইআটি এলাকা থেকে রাসেল আহমেদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ভুয়া ভোটার কার্ড, প্যান এবং আধার কার্ড তৈরি করে বহাল তবিয়তে বসবাস করছিল সে। ধৃতকে জেরা করে পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি সুনির্দিষ্ট রেটচার্ট এবং রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালের গুরুত্বপূর্ণ নথিপত্র। আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে তাদের কিডনি সংগ্রহ করা হতো বলে অভিযোগ রয়েছে।

বিধাননগর থানার পুলিশের প্রাথমিক সূত্র ধরে গত শনিবার গভীর রাতে বাগুইআটির আটঘড়া ফুলতলা এলাকার একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে রাসেলকে পাকড়াও করা হয়। এই চক্রের মূল মধ্যস্থতাকারী প্রভাস নামে অপর এক ব্যক্তিকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, যাকে জেরা করেই রাসেলের হদিশ পান তদন্তকারীরা। উদ্ধার হওয়া হাসপাতালগুলির কাগজপত্রে কোন চিকিৎসালয়ে ঠিক কতটি কিডনির প্রয়োজন রয়েছে, তার বিশদ তালিকা পাওয়া গেছে। এর নেপথ্যে কোনো বড় চক্র বা হাসপাতালের সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কাঁটাতার পেরিয়ে এই পাচারচক্রের শিকড় কতদূর গভীরে ছড়িয়ে রয়েছে, তা উদঘাটনে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *