দিতিপ্রিয়ার আঙুলে আংটি, তবে কি গোপনে বাগদান সারলেন পর্দার রানি রাসমণি!
বার্তা ডেস্কঃ
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে অনুরাগীদের মনে কৌতূহল দানা বেঁধেছে। ছবির মূল উদ্দেশ্য হাতের রাখি দেখানো হলেও, তাঁর বাঁ হাতের অনামিকায় একটি বিশেষ আংটি নজর কেড়েছে। সাধারণত এই আঙুলেই বাগদানের আংটি পরার প্রচলন থাকায় অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি গোপনে এনগেজমেন্ট সেরে ফেললেন অভিনেত্রী? যদিও খোঁজ নিয়ে জানা গেছে, অনামিকার এই আংটিটি তিনি বেশ কিছুদিন ধরেই পরে আসছেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করলেও দিতিপ্রিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে চর্চা কম নয়।
বর্তমানে চেন্নাইয়িন এফসি দলের গোলকিপার ফুটবলার শমীক মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। লং ডিসট্যান্স রিলেশনশিপে থাকলেও নানা সময়ে উপহার পাঠানো কিংবা একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে চর্চায় থাকেন এই জুটি। ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের পাশাপাশি পেশাগত জীবনেও সুখবর রয়েছে অনুরাগীদের জন্য। ছোটপর্দা থেকে দীর্ঘ বিরতির পর খুব শীঘ্রই সান বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী রূপে কামব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া। ইতিমধ্যেই দেবীরূপে তাঁর প্রকাশ্যে আসা লুক সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত জীবন ও কেরিয়ারের নানা সমীকরণ মিলিয়ে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।