সরাসরি দপ্তরে অভিযোগ! কবে থেকে মিলবে দেখা? বড় ঘোষণা নবান্নের

বার্তা ডেস্কঃ

সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং দ্রুত সমাধানের পথ সুগম করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি দপ্তরে নিয়মিত বসবে ‘জনতার দরবার’। মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই মর্মে নির্দেশিকা জারি করেছেন, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন সরকারি আধিকারিকরা। এর জন্য কোনো ধরনের আগাম অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না। রাজ্যজুড়ে আমজনতার ভোগান্তি কমাতে জেলাস্তর থেকে ব্লকস্তর পর্যন্ত বিভিন্ন দপ্তরের ফিল্ড-লেভেল অফিসারদের এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও, পুরসভার কমিশনার ও পুলিশ আধিকারিকসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা এই সময়ে উপস্থিত থাকবেন। আধিকারিকদের যোগাযোগের মোবাইল নম্বর ও ইমেল সকলের গোচরে রাখতে হবে এবং সরকারি ওয়েবসাইটেও তা প্রকাশ করতে হবে। অভিযোগের নিষ্পত্তি ও তার অগ্রগতির ওপর নিয়মিত নজরদারি চালাবে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *