সপ্তাহে ২ দিন সাধারণ মানুষের দরবারে বিডিও ও জেলাশাসক, নবান্নের ঐতিহাসিক নির্দেশ!
বার্তা ডেস্কঃ
সাধারণ মানুষের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল রাজ্য সরকার। এখন থেকে সরকারি পরিষেবা বা অভাব-যোগাযোগের জন্য সাধারণ মানুষকে আর কোনো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। নবান্ন থেকে জারি করা সাম্প্রতিক এক নির্দেশিকায় জানানো হয়েছে, সাধারণ মানুষ এবার সরাসরি বিডিও (BDO), এসডিও (SDO) এবং জেলা স্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
সাক্ষাতের সময় ও নিয়মাবলী:
মুখ্যসচিবের জারি করা নির্দেশিকা অনুযায়ী, সপ্তাহে দু’দিন—প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০:৩০টা থেকে নির্দিষ্ট সরকারি অফিসগুলিতে সাধারণ মানুষের জন্য সাক্ষাৎ মিলবে।
- কোনো আগাম অ্যাপয়েন্টমেন্ট লাগবে না: এই সাক্ষাতের জন্য কোনো অগ্রিম অনুমতি বা অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।
- অফিসে উপস্থিতি বাধ্যতামূলক: ওই নির্দিষ্ট দু’দিন জরুরি প্রশাসনিক কাজ ছাড়া কোনো আধিকারিক সশরীরে অফিসের বাইরে থাকতে পারবেন না।
পাবলিক নোটিসে থাকবে ফোন নম্বর:
প্রশাসনিক কাজের স্বচ্ছতা আনতে ডিভিশনাল কমিশনার, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও, পুলিশ সুপার, থানার আইসি/ওসি এবং বন বিভাগের সমস্ত আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তাঁদের সরকারি ই-মেল এবং মোবাইল নম্বর অফিসের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা হয়। পাশাপাশি, এই সমস্ত তথ্য সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটেও আপলোড করতে হবে।