বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা!
বার্তা ডেস্কঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের জেরে আবারও দুর্যোগের মুখে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন এই নিম্নচাপের প্রভাবে আজ রবিবার রাত থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হাওড়ায় হলুদ সতর্কতা এবং সংলগ্ন ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দুই মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির দাপট থাকবে। সেই সঙ্গে সোমবার থেকে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও কলকাতার তাপমাত্রায় বিশেষ হেরফের হচ্ছে না; বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি অব্যাহত থাকবে।