পদ্মা নাকি গঙ্গা? কোন নদীর ইলিশে লুকিয়ে আসল স্বাদ!
বার্তা ডেস্কঃ
পদ্মা কিংবা গঙ্গা—বাঙালি মাত্রই ইলিশের এই দুই উৎসের শ্রেষ্ঠত্ব নিয়ে তর্কে জড়াতে ভালোবাসেন। তবে দীর্ঘ গবেষণা ও তথ্য বিশ্লেষণের পর উঠে এসেছে এক নতুন তথ্য। গবেষকদের একাংশের মতে, প্রচলিত ধারণার বাইরে গিয়ে বাংলাদেশের মেঘনা নদী এবং এর অববাহিকা অঞ্চলের ইলিশ স্বাদে ও পুষ্টিতে অন্যান্য যে কোনো এলাকার তুলনায় অনেক বেশি এগিয়ে রয়েছে। ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংগৃহীত বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে এই মতামত প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, সমুদ্রের লবণাক্ত জল ছেড়ে ইলিশ মাছ যখন মিষ্টি জলের নদীগুলোতে প্রবেশ করে, তখন স্রোতের বিপরীতে সাঁতার কাটার ফলে তাদের শরীরের চর্বির পরিমাণ প্রভাবিত হয়। নদী ও সমুদ্রের ইলিশের শারীরিক গঠনেও স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। নদীর ইলিশ সাধারণত কিছুটা খাটো, পটলের মতো আকৃতির এবং বেশি রূপোলি ও উজ্জ্বল হয়। অন্যদিকে, সমুদ্রের ইলিশ আকারে লম্বা ও তুলনামূলক কম উজ্জ্বল হয়ে থাকে। সঠিক সময়ে ধরা পড়া এসব নদীর ইলিশই মূলত ভোজনরসিকদের মন জয় করে।