নেপালের ধ্বংসলীলায় চিনের হাত! প্রাণহানির জন্য বেজিংকে দুষলেন উত্তরপাড়ার পর্যটক
বার্তা ডেস্কঃ
প্রকৃতির জোড়া ধাক্কায় বিপর্যস্ত নেপালে হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টির জেরে মৃতের সংখ্যা আটশো ছাড়িয়েছে এবং বহু মানুষের এখনও খোঁজ মিলছে না। হিমবাহ ফেটে নামা জলরাশির খবর সময়মতো নেপাল সরকারকে না জানানোর জন্য সরাসরি চিনকেই দায়ী করেছেন কৈলাসযাত্রায় গিয়ে বেঁচে ফেরা উত্তরপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা স্যান্যাল। তাঁর অভিযোগ, বিপর্যয় ঘটার প্রায় দেড় ঘণ্টা পর তাঁরা খবর পান এবং চিন যদি সঠিক সময়ে এই তথ্য জানাত, তবে বহু মানুষের প্রাণ রক্ষা করা সম্ভব হতো।
কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে কৈলাসের উদ্দেশে রওনা দেওয়া ৬৯ বছরের এই শিক্ষিকা জানান, ঘটনার দিন রোদ ঝলমলে আবহাওয়ায় গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সতর্কবার্তায় চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নিরাপদে ফিরে আসেন। কৈলাস দর্শন অধরা থাকায় আক্ষেপ প্রকাশ করলেও কাঠমাণ্ডুর তিন মাস আগে চাওয়া হিমবাহ সংক্রান্ত তথ্যে চিনের গড়িমসিই এই ভয়াবহ পরিস্থিতি ডেকে এনেছে বলে তিনি মনে করেন।