মেয়ের বিয়ে লুকিয়ে সরকারি টাকা হাতানোর চেষ্টা, গ্রেপ্তার বাবা!
বার্তা ডেস্কঃ
নাবালিকা মেয়ের বিয়ের তথ্য গোপন রেখে সরকারি প্রকল্পের টাকা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ বাবা। সঙ্গে গ্রেপ্তার হয়েছেন ওই কিশোরীর স্বামী ও শাশুড়িও। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি এলাকার এক নাবালিকা প্রায় দেড় মাস আগে হরিদেবপুরের এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায় এবং তাঁকে বিয়ে করে। বয়স আঠারো বছরের কম হওয়া সত্ত্বেও কিশোরীকে নিজের বাড়িতে আশ্রয় দেন শাশুড়ি। সম্প্রতি রাজ্য সরকারের ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা ওই নাবালিকার অ্যাকাউন্টে পৌঁছালে শুরু হয় বিপত্তি। মেয়ে বাড়ি না ফিরলেও সরকারি ওই প্রকল্পের টাকা বাপের বাড়িতে পাঠাতে হবে বলে বাবা চাপ সৃষ্টি করতে থাকেন।
টাকা পেতে ব্যর্থ হয়ে অবশেষে বাবা একটি স্বেচ্ছাসেবী সংস্থার শরণাপন্ন হন এবং মেয়ের নাবালক বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন। ওই সংস্থার সহায়তায় হরিদেবপুর থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করে। নাবালিকা বিয়ে ও যৌন নির্যাতনের অভিযোগে স্বামী এবং শাশুড়িকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোরীর বাবাকেও পুলিশ আটক করে। পুলিশ জানতে পেরেছে, মেয়ে নিখোঁজ হওয়ার পর তিনি থানায় কোনো ডায়েরি বা অভিযোগ জানাননি। একমাত্র সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের উদ্দেশ্যেই তিনি বিষয়টি চেপে গিয়েছিলেন। বর্তমানে উদ্ধার হওয়া কিশোরীকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।