রাস্তায় থুতু ফেললেই মোটা জরিমানা, ১ সেপ্টেম্বর থেকে বাড়ছে পার্কিং চার্জ!
বার্তা ডেস্কঃ
September 1, 202610:33 am
পশ্চিমবঙ্গকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত করতে বড় সিদ্ধান্তের পথে হাঁটল রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা বা থুতু ফেললে কড়া জরিমানার বিধান চালু হতে চলেছে। এর পাশাপাশি রাতের বেলা রাস্তার পাশে গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট পার্কিং চার্জ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। বাজারগুলিতে প্লাস্টিকের ব্যবহার কমাতে বিকল্প ব্যাগ সরবরাহের জন্য ভেন্ডিং মেশিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এই নতুন নিয়ম ও প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরনিগমের আধিকারিক এবং তিনটি পুলিশ কমিশনারেটের পুলিশকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন।
বৈঠক শেষে মন্ত্রী জানান, শহরের বিভিন্ন এলাকায় পার্কিং ও নো-পার্কিং জোন চিহ্নিত করার কাজ দ্রুত গতিতে চলছে। ফুটপাতের ওপর বাইক বা গাড়ি রাখা বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পার্কিং ব্যবস্থাকে সুশৃঙ্খল করতে একটি বিশেষ অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মাধ্যমে চালকরা সহজেই ফাঁকা পার্কিং জায়গার খোঁজ পাবেন। দ্রুতই মুখ্যমন্ত্রী এই অ্যাপটির উদ্বোধন করবেন।
সল্টলেকসহ বিভিন্ন এলাকায় বাড়ির নিজস্ব পার্কিং থাকা সত্ত্বেও রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে যানজট তৈরির বিষয়ে মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, রাস্তার পাশে রাতে গাড়ি পার্ক করলে নির্দিষ্ট চার্জ দিতে হবে এবং নিয়ম ভাঙলে জরিমানা করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নিয়মগুলি কড়াকড়িভাবে কার্যকর করতে প্রস্তুত প্রশাসন।