নেপালে হিমবাহ ধসে মহাপ্রলয়, চিনের গাফিলতিতে মৃত ৯০০ পার!
বার্তা ডেস্কঃ
September 1, 202611:33 am
নেপালে ভয়াবহ হড়পা বান ও হিমবাহ ধসের পর পাঁচ দিন পার হলেও পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৯০৩ জনের দেহ উদ্ধার করেছে এবং ৪,২০০-রও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই ভয়াবহ বিপর্যয়ের পেছনে চিনের গাফিলতিকে দায়ী করছে কাঠমান্ডু।
অভিযোগ উঠেছে, গত মে মাসে দু’দেশের বৈঠকের সময় নেপাল তিব্বত সংলগ্ন হিমবাহের প্রাথমিক রিপোর্ট, জলস্তর এবং চরম আবহাওয়া সংক্রান্ত প্রতি ১০ মিনিটের আপডেট চেয়েছিল। তবে নেপালের হাইড্রোলোজিস্টদের দাবি, চিন কেবল তিব্বতের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েই দায় সেরেছে; হিমবাহের গতিবিধি বা তুষারধসের কোনো আগাম তথ্য দেয়নি। যদিও কাঠমান্ডস্থিত চিনা দূতাবাস এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে তারা পর্যাপ্ত তথ্য সরবরাহ করেছে।
অন্যদিকে, বিপর্যয় কবলিত এলাকায় পচতে থাকা অজ্ঞাতপরিচয় মরদেহ পচন থেকে বাঁচাতে চিতওয়ানের দেবঘাট জঙ্গলে গণকবরের ব্যবস্থা করা হয়েছে। গত দুই দিনে ১৯৬টি দেহ কবর দেওয়া হয়েছে। প্রতিটি দেহের সঙ্গে একটি সুনির্দিষ্ট শনাক্তকরণ নম্বর এবং নথি সংরক্ষিত রাখা হচ্ছে, যাতে পরবর্তীতে ডিএনএ (DNA) পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা যায়।