‘দাদা, তোমাকে রাখি পরাতে এসেছি!’ বাড়ি ছেড়ে মুম্বই পাড়ি ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর

বার্তা ডেস্কঃ

মালদা: দাদাকে রাখি পরাতে বাড়ির কাউকে না জানিয়েই মুম্বইয়ের ট্রেন ধরেছিল রতুয়ার দুই যমজ বোন। কিন্তু মহারাষ্ট্রে পৌঁছেই তারা হারিয়ে যায়। নিখোঁজ হওয়ার আট দিন পর অবশেষে মহারাষ্ট্রের কল্যাণ স্টেশন থেকে ওই দুই নাবালিকাকে উদ্ধার করল রেল পুলিশ। উদ্ধার হওয়া দুই বোনই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ঘটনার সূত্রপাত গত ২২ অগস্ট। সেদিন প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে কিছুটা টাকা নিয়ে বেরিয়ে পড়ে ওই যমজ বোন। এরপর তারা মালদা টাউন স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়ায় আসে এবং সেখান থেকে মুম্বইগামী ট্রেনে চেপে বসে। ২৪ অগস্ট মুম্বই পৌঁছে তারা দাদাকে ফোন করে জানায়, “দাদা, তোমাকে রাখি পরাতে এসেছি।”

অন্য দিকে, ওই নাবালিকাদের বড় দাদা মুম্বইয়ের একটি সোনার দোকানে কাজ করেন। তিনি ২৪ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষেই রতুয়ার গ্রামের বাড়িতে ফিরে এসেছিলেন। কিন্তু ততক্ষণে তাঁর দুই বোন মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে।

বোনদের ফোন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হয়। পরিবারের তরফ থেকে আগেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। অবশেষে কল্যাণ স্টেশনের রেল পুলিশ নাবালিকাদের সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। রবিবার পরিবারের সদস্যরা দুই বোনকে ফিরিয়ে আনতে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *