পুজোর আগেই বড় ধাক্কা, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক!
বার্তা ডেস্কঃ
September 2, 202612:33 pm
পুজোর আগেই দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক: টানা পরিষেবা ব্যাহত হওয়ার শঙ্কা
উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক মুখেই বড়সড় বিপাকের মুখে পড়তে চলেছেন সাধারণ গ্রাহকরা। বকেয়া দাবিদাওয়া পূরণ না হওয়া এবং সরকারি নীতির প্রতিবাদে এবার সারা দেশে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। দেশের ৯০ শতাংশেরও বেশি ব্যাঙ্ক কর্মীর প্রতিনিধিত্বকারী যৌথ সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস’ (UFBU) আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে।
ধর্মঘটের প্রধান দুই কারণ:
- সপ্তাহে ৫ দিন কাজ: ২০১৫ ও ২০২০ সালের চুক্তি এবং সোম থেকে শুক্রবার প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট কাজ করার সম্মতি থাকা সত্ত্বেও সব শনিবারে ব্যাঙ্ক ছুটি ঘোষণা ঝুলে রয়েছে। আরবিআই, এলআইসি বা নাবার্ডে এই নিয়ম চালু হলেও অর্থ মন্ত্রকের সবুজ সংকেত মেলেনি।
- ইনসেনটিভ বা পিএলআই (PLI) স্কিমে বৈষম্য: ২০২৪ সালের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী কেবল সিনিয়র অফিসাররা (স্কেল IV-VII) মোটা অঙ্কের ইনসেনটিভ পাচ্ছেন। এতে দেশের ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মীর মধ্যে ৯৫ শতাংশ নিম্ন ও মধ্যম স্তরের কর্মী সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা বড় ধরনের বৈষম্য তৈরি করেছে।
আন্দোলনের পরবর্তী রূপরেখা:
ইউনিয়নগুলির তরফে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর এক দিনের প্রতীকি ধর্মঘটের পর দাবি না মানা হলে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘট চলবে। পরিস্থিতি না বদলালে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত, বেসরকারি, বিদেশি ও গ্রামীণ সহ সমস্ত ব্যাঙ্কের কর্মীরা এতে শামিল হওয়ায় পুজোর কেনাকাটা ও লেনদেনের আগে ব্যাঙ্ক সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।