নদিয়ায় মহুয়ার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ, বিধায়ককে ‘বেইমান’ দাগলেন সাংসদ!

বার্তা ডেস্কঃ

দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে নিজের কেন্দ্রেই তীব্র জনরোষের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার চাপড়ায় বৈঠক শেষে বেরোনোর সময় একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে ধরে আচমকা ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে সাংসদ মহুয়া মৈত্র এবং চাপড়ার তৃণমূল বিধায়ক জেবের শেখের অনুগামীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে।

যদিও ঘটনার পর মহুয়া মৈত্র দাবি করেন, সংগঠন পুনর্গঠনের উদ্দেশ্যে আয়োজিত কর্মী বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে। তবে বিক্ষোভের জন্য তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক জেবের শেখ এবং বিজেপিকে যৌথভাবে দায়ী করেন। তোপ দেগে সাংসদ বলেন, “তৃণমূলের চিহ্নে জিতে যারা এখন দলবিরোধী কাজ করছে, তারা বেইমান।” একই সাথে জেলা পরিষদে দলবিরোধী কাজের অভিযোগে একাধিক সদস্যকে বরখাস্ত করার কথাও জানান তিনি।

অন্যদিকে, এই বিক্ষোভের অভিযোগ পুরোপুরি খারিজ করেছে বিরোধী ও স্থানীয় নেতৃত্ব। বিজেপি নেতা গোপাল দাস এবং স্থানীয় বাসিন্দা অম্বরজিৎ রায় পাল্টা দাবি করেন, এলাকায় মাদক কারবার, তোলাবাজি ও অশান্তিতে সাংসদের মদত রয়েছে। পাশাপাশি হিন্দু দেবদেবীকে অবমাননা করার প্রতিবাদেই আমজনতা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভ দেখিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *