পদত্যাগের ডামাডোলেই নতুন রেজিস্ট্রার, তবু খুলল না বয়েজ হস্টেল!
বার্তা ডেস্কঃ
বারাসাতের পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অবশেষে কাটল রেজিস্ট্রার-জটিলতা। বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জুয়োলজি (প্রাণীবিদ্যা) বিভাগের অধ্যাপক নারায়ণ ঘড়াই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই অন্যান্য খালি থাকা বিভাগীয় প্রধানের পদেও নতুন নিয়োগ করা হবে। তবে প্রশাসনিক রদবদল হলেও ক্যাম্পাসের বয়েজ হস্টেল এখনও বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ছাত্ররা।
উল্লেখ্য, আগস্টের শেষে রাখি উৎসব উদযাপনকে কেন্দ্র করে টিএমসিপি এবং এবিভিপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হস্টেলে ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনার জেরে দত্তপুকুর থানার পুলিশ টিএমসিপির চার ছাত্রকে গ্রেপ্তার করলে, পরিস্থিতি খতিয়ে দেখতে থানায় যান তৎকালীন রেজিস্ট্রার সুবীর বিশ্বাস। এর পরেই তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হয় এবিভিপি। আন্দোলনের চাপে গত ২৭ আগস্ট পদত্যাগ করেন সুবীর বিশ্বাস। তাঁর ইস্তফার পরপরই অচলাবস্থার প্রতিবাদে ভাইস চ্যান্সেলর দেবব্রত মিত্রের কাছে পদত্যাগপত্র জমা দেন একাধিক বিভাগীয় প্রধান, অধ্যাপক এবং বয়েজ হস্টেলের দায়িত্বে থাকা মোহিনী মোহন সর্দার।
বিগত পাঁচ দিন ধরে রেজিস্ট্রার পদটি শূন্য থাকার পর নতুন নিয়োগ হলেও অধ্যাপক ও বিভাগীয় প্রধানদের ইস্তফা সংক্রান্ত বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্য দিকে, হস্টেল বন্ধ থাকার কারণে বনগাঁর মতো দূর-দূরান্ত এলাকা থেকে আসা পড়ুয়ারা প্রতিদিন যাতায়াত করে ক্লাস করতে গিয়ে চরম আর্থিক ও শারীরিক সমস্যায় পড়ছেন। দ্রুত হস্টেল পুনরায় চালুর দাবি জানিয়েছেন সাধারণ ছাত্ররা।