আমেরিকান রণতরীর আগমনে উত্তপ্ত পাটায়া, যৌনকর্মীদের ধরপাকড়ে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
ইরানের বিরুদ্ধে প্রায় ২৫০ দিন মধ্যপ্রাচ্যের সমুদ্রে সামরিক অভিযান চালানোর পর অবশেষে ডাঙ্গায় পা রাখতে চলেছেন আমেরিকার রণতরী ‘USS আব্রাহাম লিঙ্কন’-এর প্রায় ৫,০০০ নৌসেনা, মেরিন ও পাইলট। আগামী ২ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে থাইল্যান্ডের পাটায়ার কাছে ল্যাম চাবাং বন্দরে নোঙর ফেলবে এই রণতরীটি। তবে মার্কিন সেনার এই সফরকে কেন্দ্র করেই এখন চরম তটস্থ থাইল্যান্ড প্রশাসন। পাটায়া শহরজুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি ও বেআইনি যৌনকর্মীদের বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান।
হঠাৎ কেন এই ধরপাকড়? আইনত থাইল্যান্ডে দেহব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও পর্যটন শহর পাটায়ায় প্রকাশ্যে যৌন পর্যটন অত্যন্ত সাধারণ ঘটনা। মার্কিন সেনারা আসার খবর পেতেই সম্প্রতি বিচে অভিযান চালিয়ে প্রায় ৪০-৫০ জন যৌনকর্মীকে আটক করেছে পাটায়া পুলিশ। এর মধ্যে থাইল্যান্ড, লাওস ও উগান্ডার নারী রয়েছেন। স্থানীয় পুলিশ প্রশাসনের মূল লক্ষ্য সেনার আগমনের সময় শহরের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কর্মকাণ্ড রুখে দেওয়া।
মার্কিন সেনাদের জন্য কড়া নির্দেশিকা: দীর্ঘদিন জলভাগে কাটানো নাবিক ও সেনা কর্মীদের অতিরিক্ত কাজের চাপ ও মানসিক অবসাদের খবর সামনে এসেছিল। পাটায়ায় তাঁদের একটু স্বস্তি পাওয়ার কথা থাকলেও মানতে হবে একাধিক বিধিনিষেধ:
- ক্যানাবিস (গাঁজা) এবং মাদক সংক্রান্ত দোকান ও নির্দিষ্ট কিছু ওয়াটার স্পোর্টস থেকে দূরে থাকতে হবে।
- নৈশজীবনের জন্য জনপ্রিয় ‘ওয়াকিং স্ট্রিট’-এ যাওয়া গেলেও রাত ২টোর পর কোনও বিয়ার বার বা ক্লাবে থাকা যাবে না।
- অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সেনাদের কোনও প্রকার বাণিজ্যিক যৌন পরিষেবা বিশেষত শিশু যৌন শোষণের মতো অপরাধের সাথে যুক্ত করা যাবে না। অতিরিক্ত দাম হাঁকানোতেও নিষেধাজ্ঞা রয়েছে।
স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক আশা: ভিয়েতনাম যুদ্ধের সময় থেকেই পাটায়া মার্কিন সেনাদের জনপ্রিয় অবকাশ কেন্দ্র হয়ে উঠেছিল। ফলে দীর্ঘদিন পর ৫ হাজার সেনার পাটায়ায় আগমনকে কেন্দ্র করে আশার আলো দেখছেন স্থানীয় রেস্তোরাঁ, বার ও হোটেল ব্যবসায়ীরা। তবে একই সাথে ব্যাপক হারে যৌন সংক্রামক ব্যাধি (STD) ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, একদিকে যেমন ব্যবসার জোয়ারের আশায় স্থানীয়রা, অন্যদিকে স্বাস্থ্য নিরাপত্তা ও আইনি জটিলতা এড়াতে আঁটসাঁট নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে পাটায়াকে।