পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ফের এবিভিপির জয়, বিধানসভা ভোটের বড় বার্তা কি পেল বিজেপি?
বার্তা ডেস্কঃ
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বড় জয় ছিনিয়ে নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপি। আপের ছাত্র সংগঠন এবং কংগ্রেসের এনএসইউআই-কে পেছনে ফেলে এই জয় অর্জন করে তারা। অকালি দলের ছাত্র সংগঠনের সমর্থনে এবিভিপির প্রার্থী অঙ্কিত বিধান জয়ী হন। দিল্লির রাজনৈতিক উত্তাপের মাঝে এই জয় গেরুয়া শিবিরের অন্দরে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন আশার সঞ্চার করেছে।
আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে এই ছাত্র সংসদের ফলাফলকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। যুবসমাজের আস্থা এখনও তাদের পক্ষেই রয়েছে বলে দাবি তাদের। তবে এই জয়কে পাঞ্জাবের সামগ্রিক রাজনৈতিক মনোভাবের প্রতিফলন বলতে নারাজ বিরোধী দল কংগ্রেস ও আম আদমি পার্টি। তাদের মতে, এই বিশ্ববিদ্যালয়ে ভিনরাজ্যের পড়ুয়ারাও পড়াশোনা করায় এর সরাসরি প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে না।