৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’, সর্বস্বান্ত প্রবীণ দম্পতির খোয়া গেল ৩০ লক্ষ টাকা!
বার্তা ডেস্কঃ
দিল্লির দ্বারকায় এক প্রবীণ দম্পতিকে টানা সাত দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে প্রায় ৩০ লক্ষ টাকা লুটের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ৭৪ বছর বয়সি এক অবসরপ্রাপ্ত রেলকর্মী ও তাঁর স্ত্রীকে জালিয়াতরা ভয় দেখায় যে, দিল্লি বিস্ফোরণে যুক্ত অপরাধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে তাঁদের অ্যাকাউন্ট থেকে। নিজেকে এনআইএ ও এটিএস আধিকারিক পরিচয় দিয়ে প্রতারকরা ভিডিও কলের মাধ্যমে ওই দম্পতির ওপর লাগাতার নজরদারি চালায় এবং হোয়াটসঅ্যাপে ভুয়ো নথি পাঠিয়ে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত অ্যাকাউন্টে টাকা জমা দিতে বাধ্য করে। সমস্ত সঞ্চয় ভেঙে ৩০ লক্ষ টাকা পাঠানোর পর প্রতারকদের ফোন বন্ধ হয়ে গেলে তাঁরা বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ হরিয়ানার একটি সংস্থার অ্যাকাউন্টের সন্ধান পায়, যেখান থেকে একাধিক সাইবার অপরাধের মাধ্যমে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। ওই অ্যাকাউন্টের মালিক সুনীল সিংলাকে পূর্বে গ্রেপ্তার করা হলেও এই চক্রের আসল মাথাদের ধরতে তদন্ত জারি রেখেছে ক্রাইম ব্রাঞ্চ। প্রবীণ নাগরিকদের এ ধরনের সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।